Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়ার রাজাপালং ইউনিয়নে ১ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা

কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার
নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও মানবসম্পদ উন্নয়নসহ জনকল্যাণমূলক বিভিন্ন খাতে এ অর্থ ব্যয়ের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুর ১২টায় রাজাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রুমান আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদের সচিব এনামুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রুমান বলেন, “জনগণের প্রত্যাশা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তাসহ জনজীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে এ অর্থ ব্যয় করা হবে।”

তিনি জানান, বাজেটের আওতায় কৃষি ও সেচ, শিল্প ও কুটির শিল্প, ভৌত অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, মানবসম্পদ উন্নয়ন, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, শিশু উন্নয়ন এবং আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইউপি সদস্য নুরুল কবির, হেলাল উদ্দিন ও সৈয়দ হামজা, সংরক্ষিত মহিলা সদস্য খুরশিদা বেগম, রোকসানা বেগম ও শামসুন নাহার, বিএনপি নেতা সালাম সিকদার ও নুরুল আমিন, সাংবাদিক আয়াজ রবি এবং হুমায়ুন কবির জুশান।

বক্তারা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, উন্মুক্ত বাজেটের মাধ্যমে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের তথ্য জানতে পারছেন, যা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও গণমুখী করতে সহায়ক হবে।

উন্মুক্ত বাজেট সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।