Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

৪৭তম বিসিএসে চার মেধাবীর সাফল্যে আনন্দের জোয়ার

নিজস্ব প্রতিবেদক | দৈনিক আলোকিত উখিয়া
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী তরুণ ৪৭তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে পরিবার, এলাকা ও সমগ্র উখিয়ার জন্য গৌরব বয়ে এনেছেন। তাঁদের এই অসাধারণ অর্জনে রাজাপালংজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শিক্ষা ক্যাডার (ইংরেজি)-এ সুপারিশপ্রাপ্ত হয়েছেন উখিয়া সদরের (৫নং ওয়ার্ড) প্রয়াত মাষ্টার ছৈয়দুর রহমানের পুত্র সাইমুম শারিক হিমেল।
পরিসংখ্যান ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং গ্রামের মাষ্টার সামশুল আলমের পুত্র আরিফুল ইসলাম।
মৎস্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৯নং ওয়ার্ডের পাতাবাড়ী গ্রামের হাফেজ মো. আবুল কাশেমের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এছাড়া পরিবার পরিকল্পনা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মধ্য রাজাপালংয়ের বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ইউনুছ চৌধুরী ও মধ্য রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা ছৈয়দা শিরিন আখতারের কনিষ্ঠ সন্তান ইসফার সাঈফ আরিক।
তাঁদের এ সাফল্যে পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁদের অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছাবার্তা প্রকাশিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, রাজাপালংয়ের এই চার কৃতী সন্তানের সাফল্য উখিয়ার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও লক্ষ্য অর্জনের দৃঢ় মানসিকতা আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা ও বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করবে।
দৈনিক আলোকিত উখিয়া পরিবারের পক্ষ থেকে চার কৃতী সন্তানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি তাঁদের কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
প্রতিবেদন:
মোঃ মিজান উর রশীদ মিজান
সম্পাদক, দৈনিক আলোকিত উখিয়া