চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজার থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের জন্য মাত্র ৮ হাজার টাকার লোভ দেখিয়ে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুকে ব্যবহার করেছে একটি মাদক চক্র। র্যাব জানিয়েছে, পরিবারের খরচ বহনের আশ্বাসের পাশাপাশি নগদ অর্থ দেওয়ার প্রলোভনে শিশু দুটিকে এই ভয়ংকর কাজে যুক্ত করা হয়।
র্যাব-৭ চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে এক নারী ও দুই শিশুকে আটক করা হয়। সন্দেহ হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় দুই শিশুর পেটের ভেতরে ইয়াবার প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা।
পরে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শিশু দুটির পেট থেকে মোট ৬ হাজার ৬১৫টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন শারমিন আকতার ওরফে ইসমত আরা (৪০)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পূর্ব ডোমখালী এলাকার বাসিন্দা।
র্যাবের ভাষ্য, কক্সবাজার ও চট্টগ্রামকেন্দ্রিক একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচার করে আসছে। শিশুদের সঙ্গে একজন নারীকে রাখা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা বাহিনী বা সাধারণ মানুষের সন্দেহ না হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, শিশুদের এভাবে মাদক বহনে ব্যবহার করা শুধু আইনগত অপরাধ নয়, এটি মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়েরও নজির। সামান্য অর্থের লোভে শিশুদের জীবনকে ভয়াবহ ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
ঘটনার সঙ্গে জড়িত পুরো মাদক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ