নিজস্ব প্রতিবেদক, উখিয়া
উখিয়া সদর দারোগা বাজারে বহুল প্রতীক্ষিত ৫ তলা বিশিষ্ট কিচেন মার্কেট নির্মাণ প্রকল্প এখন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রায় ৭ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ ধীরগতির কারণে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, নির্মাণস্থলে বড় বড় গর্ত খুঁড়ে দীর্ঘদিন ধরে ফেলে রাখা হয়েছে। অনেক স্থানে বর্ষার পানিতে গর্তগুলো পানিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, মাসের পর মাস কাজ বন্ধ বা ধীরগতিতে চলার কারণে পুরো এলাকা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাজারে চলাচলকারী মানুষ ও ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, উন্নয়নের নামে বাজারের গুরুত্বপূর্ণ অংশ খুঁড়ে ফেলে রাখা হলেও দৃশ্যমান অগ্রগতি খুবই কম। বর্ষা মৌসুম শুরু হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাদের আশঙ্কা, পুনরায় গর্ত খনন, কাজের বিলম্ব এবং ব্যয় বৃদ্ধির মাধ্যমে প্রকল্পটি দীর্ঘমেয়াদি ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।
এদিকে সচেতন মহলের প্রশ্ন, প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের যথাযথ তদারকি আদৌ রয়েছে কিনা। দীর্ঘ সময় ধরে কাজের ধীরগতি এবং অগোছালো কার্যক্রমকে অনেকেই দায়িত্বহীনতার উদাহরণ হিসেবে দেখছেন। কেউ কেউ অভিযোগ করছেন, সময়ক্ষেপণের মাধ্যমে প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানোর অপচেষ্টা থাকতে পারে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত কাজ সম্পন্নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি, ব্যয়ের হিসাব এবং কাজের সময়সীমা সম্পর্কে জনসাধারণকে স্বচ্ছ তথ্য দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন, এটি কি সত্যিকারের উন্নয়ন প্রকল্প, নাকি জনগণের টাকায় দীর্ঘসূত্রিতা ও অব্যবস্থাপনার আরেকটি উদাহরণ?
আলোকিত উখিয়া

আরো পড়ুন
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় পর্যাপ্ত সার সরবরাহ, চাহিদামতো সংগ্রহের আহ্বান
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ