নিজস্ব প্রতিনিধিঃ
উখিয়ার সিকদারবিল গ্রামে ট্রান্সফরমার বিকল হয়ে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েন এলাকাবাসী। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটে। পরে স্থানীয় কয়েকজন মিলে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ জানালে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে।
এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আগেই বিষয়টি সম্পর্কে অবগত ছিল। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিবর্তে অফিস থেকে এলাকাবাসীকে জানানো হয়, ট্রান্সফরমার নিজেদের উদ্যোগে নিয়ে যেতে হবে, পরে তাদের লোক গিয়ে সেটি সংযোগ দিয়ে আসবে।
পরে স্থানীয়রা বাধ্য হয়ে নিজেদের অর্থ খরচ করে ট্রান্সফরমার পরিবহনের ব্যবস্থা করেন। জানা যায়, উখিয়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে সিকদারবিল কামাল মাস্টারের বাড়ি সংলগ্ন এলাকায় ট্রান্সফরমার নিতে ট্রলি ভাড়া বাবদ ৮ শত টাকা খরচ হয়। এছাড়া ট্রলিতে ট্রান্সফরমার উঠাতে আরও ৫ শত টাকা ব্যয় হয়। সংযোগ কাজে অংশ নেওয়া কর্মীদের বকশিসসহ মোট ব্যয় দাঁড়ায় প্রায় ৩ হাজার টাকা।
স্থানীয়রা জানান, ৩৭ কেবি ক্ষমতার একটি ট্রান্সফরমারের আওতায় প্রায় একশটি মিটার সংযোগ রয়েছে, যা এর ধারণক্ষমতার বাইরে। অতিরিক্ত চাপের কারণেই অল্প সময়ের ব্যবধানে ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে এবং বারবার একই দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামবাসীকে।
এলাকাবাসীর দাবি, সমস্যার স্থায়ী সমাধানে দ্রুত অধিক ধারণক্ষমতাসম্পন্ন নতুন ট্রান্সফরমার স্থাপন করতে হবে। অন্যথায় কিছুদিন পরপর একই ভোগান্তির পুনরাবৃত্তি ঘটবে।
সর্বশেষ জানতে পারলাম সিকদারবিল এলাকায় নতুন করে ট্রান্সফরমার স্থাপনের পর বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
রিফাত আসমা বদলি, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন
জাল সনদের অভিযোগ বানোয়াট ও ষড়যন্ত্রমূলক: উখিয়ার শিক্ষক মোস্তফা কামালের দাবি
উখিয়ায় প্রবীণ মুরব্বি মাওলানা জাকির হোসেন আর নেই