Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়া প্রেসক্লাব সংলগ্ন ব্রিজ ভরাট, পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতায় দুর্ভোগে মালভিটা পাড়া

নিজস্ব প্রতি‌নি‌ধি:
কক্সবাজারের উখিয়া সদরস্থ আরকান সড়কের পাশে উখিয়া প্রেসক্লাব সংলগ্ন গুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ও পলি জমে ভরাট হয়ে পড়েছে। ফলে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সামান্য বৃষ্টিতেই মালভিটা পাড়া গ্রামে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, শত বছরের পুরোনো পানি নিষ্কাশনের এই পথটি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। এতে গ্রামের প্রধান চলাচলের রাস্তা পানিতে তলিয়ে গিয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বর্তমানে এলাকায় পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণ কাজ চলমান থাকলেও ব্রিজের নিচে জমে থাকা ময়লা ও ভরাট অংশ পরিষ্কার না করা হলে সেই ড্রেন কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে না বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়দের প্রশ্ন, “নতুন ড্রেনের পানি যাবে কোন পথে, যদি ব্রিজের নিচ দিয়েই পানি চলাচল বন্ধ থাকে?”
এলাকাবাসী জানান, ব্রিজের নিচে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি আটকে পড়ে পুরো মালভিটা পাড়া প্লাবিত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিচ্ছে। অনেক সময় হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।
ভুক্তভোগীরা আরও বলেন, উন্নয়নের নামে শুধু ড্রেন নির্মাণ করলেই হবে না, একই সঙ্গে পানি চলাচলের মূল পথগুলোও সচল রাখতে হবে। অন্যথায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ড্রেনও কোনো সুফল বয়ে আনবে না।
এলাকাবাসী দ্রুত ব্রিজের নিচে জমে থাকা ময়লা-আবর্জনা ও ভরাট অংশ অপসারণ করে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

আ‌লো‌কিত উ‌খিয়া