৩ দিনের রাষ্ট্রীয় সফরে শিক্ষা কার্যক্রম ও রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন
কক্সবাজার প্রতিনিধি:
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শনিবার (৯ মে ২০২৬) সকালে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে কক্সবাজারে পৌঁছেছেন। সকাল ৮টা ৩০ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) কক্সবাজার জেলা কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
সফরের প্রথম দিনে প্রতিমন্ত্রী কিছু সময় কক্সবাজার সার্কিট হাউজে অবস্থান করবেন। পরে সকাল ৯টা ৩০ মিনিটে প্রি-প্রাইমারি ও প্রাইমারি স্কুল ইমপ্রুভমেন্ট প্রকল্প আয়োজিত এক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রকল্পের আওতাধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টা থেকে তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন।
আগামীকাল রোববার (১০ মে) সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টারে প্রধান শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
পরে সকাল ১০টা ৩০ মিনিটে সড়ক পথে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যাবেন প্রতিমন্ত্রী। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন।
সফরের শেষ দিনে সোমবার সকাল ৭টায় কক্সবাজার সার্কিট হাউজ থেকে সড়ক পথে বান্দরবানের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে একই ধরনের শিক্ষা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ববি হাজ্জাজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও তিনি সরাসরি অংশগ্রহণ করেছিলেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণ, বিএনপি নেতা লিয়াকতসহ কয়েকজন আহত
কক্সবাজারে প্রায় ৮৭ কোটি টাকার মাদক ধ্বংস
কক্সবাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক