Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ড ও ডেলিভারি রুমে পুরুষদের অবাধ যাতায়াত, চরম উদ্বেগ

উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড এবং ডেলিভারি রুমের আশপাশে পুরুষ স্বজনদের অবাধ যাতায়াত নিয়ে রোগী, স্বজন ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, রাতের বেলায় মহিলা ওয়ার্ডে নারী রোগীদের সঙ্গে তাদের স্বামীরা অবস্থান করছেন। এমনকি ডেলিভারি রুমের সামনেও পুরুষদের অবাধ বিচরণ দেখা যাচ্ছে, যা নারী রোগীদের গোপনীয়তা ও মর্যাদার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
ভুক্তভোগীদের অভিযোগ, মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন অনেক নারী রোগী পোশাক পরিবর্তন, বিশ্রাম কিংবা চিকিৎসা গ্রহণের সময় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অথচ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা চোখে পড়ছে না।
বিশেষ উদ্বেগের বিষয় হলো, ডেলিভারি রুমের মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায়ও পুরুষ স্বজনদের অবাধ যাতায়াতের অভিযোগ পাওয়া গেছে। এতে প্রসূতি মায়েদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহল বলছে, একটি সরকারি হাসপাতালের মহিলা ওয়ার্ড ও ডেলিভারি বিভাগে এমন পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নারীদের জন্য নির্ধারিত ওয়ার্ডে পুরুষদের রাতযাপন এবং ডেলিভারি ইউনিটের আশপাশে অনিয়ন্ত্রিত উপস্থিতি হাসপাতালের শৃঙ্খলা, নিরাপত্তা ও সেবার মান নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে।
তারা অবিলম্বে মহিলা ওয়ার্ড ও ডেলিভারি বিভাগের প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং হাসপাতালের বিদ্যমান নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নিয়মিত তদারকি নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা।
সচেতন মহলের প্রশ্ন, নারীদের জন্য নির্ধারিত ওয়ার্ড ও ডেলিভারি রুমে যদি পুরুষদের অবাধ যাতায়াত চলতেই থাকে, তাহলে নারী রোগীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করবে কে?
উখিয়ার সর্বস্তরের জনগণ বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

আলো‌কিত উখিয়া