Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ তিনজন সশস্ত্র মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সোমবার (১৪ এপ্রিল) ভোর রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উত্তর কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিশেষ টহল পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—একটি মাদকের বড় চালান হাতবদলের উদ্দেশ্যে একদল সশস্ত্র ব্যক্তি ওই এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মোঃ রাশেদ (২৫) ওরফে রাসেল, মোঃ সোহেল উদ্দিন (২৩) ওরফে লালু এবং এহসান উল্লাহ (২৫)।

এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক (এলজি), ৮ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি বড় রামদা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন, তারা মাদক কারবারের সঙ্গে জড়িত এবং মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে আসা মাদকের চালানের নিরাপত্তায় সশস্ত্র পাহারাদার হিসেবে কাজ করতেন।

র‍্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় মাদক পাচার, দস্যুতা ও অস্ত্র প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

আলোকিত উখিয়া

error

Enjoy this blog? Please spread the word :)