সকাল ১০টার পর বন্ধ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক

টেকনাফ প্রতিনিধি:
শিক্ষার্থীদের সময়ানুবর্তিতা ও বিদ্যালয়ের শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী প্রতিদিন সকাল ১০টার পর বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থী, শিক্ষক বা শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী প্রধান ফটকের বাইরে অপেক্ষা করছেন। তারা জানান, সকাল ১০টার আগে বিদ্যালয়ে পৌঁছাতে না পারায় ফটক বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন ফটকের বাইরে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি দেরিতে আসার বিষয়ে তাদের সতর্ক করেন। তবে নতুন নিয়ম কার্যকরের প্রথম দিন হওয়ায় মানবিক দিক বিবেচনায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের সুযোগ দেন এবং ভবিষ্যতে নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশনা দেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন সকাল ১০টা পর্যন্ত বিদ্যালয়ে প্রবেশের সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা ১ মিনিট হলেই প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে। একই নিয়ম শিক্ষক-শিক্ষিকাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন বলেন, “বিদ্যালয় পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় এক সপ্তাহ আগে এ নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত ও সময়মতো বিদ্যালয়ে আসার অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”
বিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে শিক্ষার্থীদের মধ্যে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার একটি কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।