Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

শামলাপুরে ঝাউবাগানে ফের স্থাপনা নির্মাণের অভিযোগ, উদ্বেগ স্থানীয়দের

শামলাপুরে ঝাউবাগানে ফের স্থাপনা নির্মাণের অভিযোগ, উদ্বেগ স্থানীয়দের
স্টাফ রিপোর্টার, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় মেজর সিনহা চত্বর ও মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে অবস্থিত ঝাউবাগানের ভেতরে পুনরায় ইটের দেয়াল তুলে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামলাপুর মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ইলিয়াছের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ঝাউবাগানের ভেতরে ইটের দেয়াল নির্মাণ করে স্থাপনা গড়ে তোলার কাজ করছেন। অভিযোগ রয়েছে, অতীতেও একই এলাকায় স্থাপনা নির্মাণের চেষ্টা হয়েছিল। তবে প্রশাসনিক নজরদারি ও স্থানীয়দের আপত্তির মুখে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে আবারও নির্মাণকাজ শুরু হওয়ায় জনমনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, উপকূলীয় ঝাউবাগান পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের বনাঞ্চলে স্থাপনা নির্মাণ পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, ঝাউবাগানের ভেতরে ইট ও নির্মাণসামগ্রী এনে দেয়াল নির্মাণের কাজ চলমান রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও বন বিভাগের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে তাদের অভিযোগ।
স্থানীয় সচেতন মহল বলছে, যদি সরকারি বনভূমি বা সংরক্ষিত এলাকায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ হয়ে থাকে, তাহলে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে পরিবেশগত ক্ষয়ক্ষতি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট বন বিভাগ, স্থানীয় প্রশাসন এবং অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আ‌লো‌কিত উ‌খিয়া