এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: কক্সবাজারের ৬ কলেজে পাসের হারে শীর্ষে সরকারি কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ শিক্ষার্থী

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: কক্সবাজারের ৬ কলেজে পাসের হারে শীর্ষে সরকারি কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪৯ শিক্ষার্থী

আ‌লো‌কিত রি‌পোর্টঃ

আজ প্রকাশিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে কক্সবাজার জেলার ছয়টি কলেজের ফলাফলে দেখা গেছে, পাসের হারে শীর্ষে রয়েছে কক্সবাজার সরকারি কলেজ। অন্যদিকে ছয়টি কলেজের মধ্যে সর্বোচ্চ ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে এ কলেজ থেকেই।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কক্সবাজার সরকারি কলেজ থেকে ১ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৪৭ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন।

কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে ৯৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫৮১ জন। পাসের হার ৬০ দশমিক ২১ শতাংশ। এ কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩ জন।

রামু সরকারি কলেজ থেকে ১ হাজার ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩৯ জন। পাসের হার ৫০ দশমিক ৭৫ শতাংশ। তবে এ কলেজ থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।

কক্সবাজার সিটি কলেজের ফলাফল তুলনামূলকভাবে হতাশাজনক। ৯৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ২৪৭ জন। পাসের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। এ কলেজেও জিপিএ-৫ নেই।

ঈদগাহ রশিদ আহমদ কলেজ থেকে ৩৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০৪ জন। পাসের হার ৩০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন।

অন্যদিকে কক্সবাজার ডিসি কলেজ থেকে ১৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১২১ জন। পাসের হার ৬৪ দশমিক ৩৬ শতাংশ। তবে এ কলেজ থেকে কেউ জিপিএ-৫ অর্জন করেনি।

ছয় কলেজের সামগ্রিক চিত্র

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ছয়টি কলেজে মোট পরীক্ষার্থী ছিল ৪ হাজার ৭১৮ জন। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৫৩৯ জন। সম্মিলিত পাসের হার প্রায় ৫৩ দশমিক ৮১ শতাংশ। ছয়টি কলেজে মোট জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন শিক্ষার্থী।

ফলাফলে একদিকে কক্সবাজার সরকারি কলেজের সন্তোষজনক সাফল্য যেমন আশাব্যঞ্জক, অন্যদিকে কয়েকটি কলেজের নিম্ন পাসের হার উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

বিশেষ করে কক্সবাজার সিটি কলেজ ও ঈদগাহ রশিদ আহমদ কলেজের ফলাফল নতুন করে প্রশ্ন তুলেছে শিক্ষার মান, পাঠদান পদ্ধতি, নিয়মিত ক্লাস এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে।

শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থতার কারণ কী? শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কি ফলাফল পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে?

শুধু পরীক্ষার ফল প্রকাশ নয়, শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।

দৈনিক আলোকিত উখিয়া | শিক্ষা সংবাদ