Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

ইসলামি বক্তা মিছবাহকে নিয়ে অ্যাথিনার পোস্ট ভাইরাল, ‘দশম স্ত্রী’ হওয়ার ইচ্ছা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিছবাহকে নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে মিছবাহের ‘দশম স্ত্রী’ হওয়ার ইচ্ছা প্রকাশ করে একটি পোস্ট দেন। এরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে দেওয়া ওই পোস্টে অ্যাথিনা লেখেন, “আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।”
প্রকাশের পর পোস্টটিতে স্বল্প সময়েই হাজারের বেশি প্রতিক্রিয়া, শতাধিক মন্তব্য এবং একাধিক শেয়ার পড়ে। মন্তব্যের ঘরে কেউ বিষয়টিকে হাস্যরস হিসেবে দেখেছেন, আবার কেউ সমালোচনাও করেছেন।
এদিকে, অ্যাথিনার এই পোস্টের পর মাওলানা হাবিবুর রহমান মিছবাহের ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে মিছবাহের সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। পরে তিনি জানতে পারেন, তার আগেও মিছবাহ একাধিক বিয়ে করেছিলেন। অভিযোগে আরও দাবি করা হয়েছে, মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে এবং এসব বিয়ের বেশ কয়েকটির কোনো কাবিননামা বা সরকারি নিবন্ধন ছিল না।
বাদীপক্ষের আইনজীবী এ বি এম ইবরাহিম খলিল দাবি করেন, মিছবাহের বিরুদ্ধে একাধিক বিয়ে ও একাধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগও রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মাওলানা হাবিবুর রহমান মিছবাহের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।