বিশেষ প্রতিনিধি:
গত ২৩ আগস্ট ২০২৬, রবিবার বিদেশে কাজ করে ফিরে আসা ও দক্ষ চাকরিপ্রার্থী প্রবাসী কল্যাণ সেন্টার কক্সবাজারে সেবাগ্রহীতাদের পুনঃএকত্রীকরণ (Reintegration) এবং টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে RAISE প্রকল্পের উদ্যোগে একটি ‘জব ফেয়ার’ (Job Fair) আয়োজন করা হয়। এর মাধ্যমে ১৩ জন সেবাগ্রহীতার চাকরি নিশ্চিত হয়েছে। তাদের দক্ষতা ও যোগ্যতা যাচাই-বাছাই করে কক্সবাজারের বিভিন্ন হোটেল, সুপার শপ, ফ্যাক্টরি ও অন্যান্য প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের RAISE প্রকল্পের মাধ্যমে আয়োজিত এ জব ফেয়ারে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত, RPL সনদপ্রাপ্ত এবং বিদেশে কর্মজীবনের মাধ্যমে নানা দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনকারী চাকরিপ্রার্থীরা অংশ নেন। তাদের যোগ্যতা যাচাই-বাছাই শেষে স্থানীয় ম্যানপাওয়ার এজেন্সির (Manpower Agency) প্রতিনিধিদের মাধ্যমে চাকরির জন্য মনোনীত করা হয়।
নির্বাচিত ১৩ জন সেবাগ্রহীতার বিভিন্ন ক্যাটাগরির চাকরিতে মাসিক বেতন ১২ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে তারা সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
জব ফেয়ারে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সহকারী পরিচালক জনাব মোঃ কামরুল হাসান। তিনি বিদেশফেরত কর্মীদের উদ্দেশে বলেন, “বিদেশে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে দেশের শ্রমবাজারে কাজে লাগানোর চমৎকার সুযোগ রয়েছে। নিজেদের যোগ্যতার প্রতি আস্থা রেখে এই সুযোগ কাজে লাগানোর পাশাপাশি নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের আরও সমৃদ্ধ করতে হবে।”
অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় ম্যানপাওয়ার এজেন্সির প্রতিনিধিরা জানান, RAISE প্রকল্পের মাধ্যমে যদি দক্ষ ও যোগ্য প্রার্থী সরবরাহ করা হয়, তবে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কর্মসংস্থান তৈরিতে তারা সব ধরনের সহযোগিতা করবেন। এ ক্ষেত্রে প্রবাসী কল্যাণ সেন্টারের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতেও দক্ষ জনবল নিয়োগের আশ্বাস দেন তারা।
জব ফেয়ারের আহ্বায়ক ও প্রবাসী কল্যাণ সেন্টার কক্সবাজারের কাউন্সিলর জনাব মোঃ রকিবুল হোসেন বলেন, “পুনঃএকত্রীকরণের মূল লক্ষ্য শুধু আর্থিক সহায়তা প্রদান নয়; বরং অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে টেকসইভাবে সমাজ ও অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনা। প্রবাসফেরতদের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার ইচ্ছা থাকলে কার্যকর Reintegration নিশ্চিত করা সম্ভব। আজকের ১৩ জনের জব প্লেসমেন্ট (Job Placement) সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ সাফল্য। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।”
সংশ্লিষ্টরা জানান, কক্সবাজারে RAISE প্রকল্পের আওতায় প্রবাসফেরত সেবাগ্রহীতাদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও জনশক্তি সংস্থার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে আরও বেশি সংখ্যক কর্মপ্রার্থীকে এই সুবিধার আওতায় আনা হবে।

আরো পড়ুন
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক
কক্সবাজারের পাঁচতারকা হোটেল থেকে ৩ বিলাসবহুল গাড়ি জব্দ, শুল্ক ফাঁকির অভিযোগে তদন্ত
কক্সবাজারে মদের বারে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২