Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, টাকা ফেরতের দাবিতে উত্তাল পালংখালী

ডিজিটাল আলোকিত ডেস্ক রিপোর্টঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটে জমা রাখা অর্থ ফেরতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী গ্রাহকেরা। শনিবার (২২ আগস্ট) বিকেলে পালংখালী স্টেশন চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ অংশ নেন। প্রতিবাদের প্রতীক হিসেবে কয়েকজন গ্রাহক কাফনের সাদা কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা জমা রাখা টাকা তুলতে গিয়ে নানা অজুহাতে হয়রানির শিকার হয়েছেন। পরে হিসাব যাচাই করে অনেকেই দেখতে পান, তাদের জমা করা অর্থের বড় অংশ হিসাবে নেই। তাদের দাবি, পালংখালী বাজারের ওই এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। তবে এই দাবির সত্যতা এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়নি।
মামলার বাদী আনোয়ার ফয়সাল আরিফ বলেন, তার হিসাবে ৫ লাখ ৫৫ হাজার টাকা জমা থাকার কথা থাকলেও টাকা তুলতে গিয়ে তিনি সেই অর্থ পাননি। একই ধরনের অভিযোগ করেছেন আরও বহু গ্রাহক।
গ্রাহক মোহাম্মদ সোলাইমান দাবি করেন, তিনি ৬ লাখ টাকা জমা রেখেছিলেন, কিন্তু হিসাবে রয়েছে মাত্র ৪ হাজার ৪৮০ টাকা। আবুল মঞ্জুরের অভিযোগ, ৪ লাখ টাকার বিপরীতে তার হিসাবে দেখানো হয়েছে মাত্র ৪০০ টাকা। আব্দুল কাদেরের ভাষ্য, সাড়ে ৫ লাখ টাকার বিপরীতে হিসাবে রয়েছে মাত্র ১ হাজার টাকা। নুরুল বশর বলেন, সাড়ে ৭ লাখ টাকা জমা রাখলেও হিসাবে রয়েছে মাত্র ৩ হাজার টাকা।
এর আগে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে এজেন্ট মালিক হাকিম উদ্দিন (৬৮) ও ক্যাশিয়ার তাহসিন ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে উখিয়া থানা-পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৮ সালে পালংখালী বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটটি চালু হয়। অভিযোগ করা হয়েছে, আউটলেটটির মালিক, কর্মকর্তা ও কর্মচারীরা যোগসাজশে হিসাবের বই, জমার রসিদ ও সংশ্লিষ্ট নথিতে জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের অর্থ অন্য হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেছেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আউটলেটটির ম্যানেজার হাবিব উল্লাহ ফরহাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
প্রকাশের সময়: শনিবার, ২২ আগস্ট ২০২৬
দৈনিক আলোকিত উখিয়া