Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

বাকি টাকা চাওয়ায় রোহিঙ্গার গুলিতে বাংলাদেশি যুবক আহত

উখিয়া, কক্সবাজার: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৪-তে দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মো. ওবায়দুল হক লালু (৩০) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ক্যাম্পের সি/০২ ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে লালুর সঙ্গে রোহিঙ্গা আরএসওর (RSO) জিম্মাদার মো. ইউনুস (২৮)-এর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে অভিযোগ রয়েছে, ইউনুস গুলি চালালে লালুর পায়ে গুলি লাগে।

আহত লালুকে প্রথমে ক্যাম্প-১৪-এর এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে রেফার করা হয়েছে।

এ ঘটনায় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।