Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

কক্সবাজারের আবাসিক হোটেলে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতি‌নি‌ধিঃ  কক্সবাজা‌রের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় দি গ্রান্ড ঢাকা হোটেলের ৪০১ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি আতাউল কবির (৪৪)। তার বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুল খালেক তালুকদার।
হোটেলের ম্যানেজার জিন্টু বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির ৪০১ নম্বর কক্ষে ওঠেন। শুক্রবার নির্ধারিত সময়ে চেক আউটের জন্য দরজা খুলতে বলা হলেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে। মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার জানান, আতাউল কবির প্রায় এক বছর ধরে ওই থানায় কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তিনি ছুটিতে যান। ওসির ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন এবং বিষয়টি নিয়ে তাকে বিভিন্ন সময় পরামর্শও দেওয়া হয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।