নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের শিকার ১১ বছরের এক শিশুর গর্ভে জন্ম নেওয়া কন্যাসন্তানের জৈবিক বাবা অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
সোমবার নেত্রকোণা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল জানান, মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিলের আগে তার মতামত নিতে এলে তিনি ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেন।
তিনি বলেন, প্রতিবেদনে নবজাতক কন্যাশিশু এবং অভিযুক্ত আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইলের মিল পাওয়া গেছে। এর মাধ্যমে নবজাতকের জৈবিক বাবা হিসেবে অভিযুক্তের পরিচয় বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে।
পিপি নুরুল কবীর রুবেল জানান, আগামী মঙ্গল বা বুধবারের মধ্যে ডিএনএ প্রতিবেদন সংযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। অভিযোগপত্র জমা দেওয়ার পর ৬০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মামলার তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা করালে চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এরপর ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাব অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। রিমান্ড শেষে আদালতের নির্দেশে তার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে গত ২ জুলাই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের সেফ হোমে গিয়ে সিআইডি নবজাতকের নমুনা সংগ্রহ করে। সেই পরীক্ষার প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষকই নবজাতকের জৈবিক বাবা বলে নিশ্চিত হওয়ায় মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে।
আলোকিত উখিয়া
আরো পড়ুন
উখিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন, সভাপতি রিদুয়ানুর রহমান, সম্পাদক জিয়াউল করিম রিয়াদ
উখিয়ায় জমি নিয়ে বিরোধে নতুন মোড়, পূজা বন্ধের হুমকির অভিযোগ
এলপিজি সংকটে দিশেহারা ভোক্তা, ১,৮৩৭ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২,৬০০ টাকায়