নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার | ৪ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজারে বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ চীনের ছয়জন নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অনলাইনে প্রতারণার অভিযোগে সাইবার আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, রামু থানায় দায়ের হওয়া একটি অভিযোগ এবং ঢাকার পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে প্রায় ২ হাজার আইফোন, শতাধিক ল্যাপটপ এবং বিদেশি আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গত কয়েক মাস ধরে কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকার দুটি হোটেলে ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
উখিয়ায় সুপারি ব্যবসায়ীর টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ