Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

বান্দরবানে ডিবি ও পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ, গ্রেপ্তার ১

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি বিলাসবহুল প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চক্র চট্টগ্রাম হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার খবর পেয়ে তারা নির্ধারিত পথ পরিবর্তন করে বান্দরবান শহরে প্রবেশ করে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের সদস্যরা শহরের ট্রাফিক মোড়ে অভিযান চালিয়ে বিলাসবহুল গাড়িটি আটক করেন। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবার সঠিক পরিমাণ, গ্রেপ্তার ব্যক্তির পরিচয় এবং এ ঘটনায় জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বান্দরবান জেলা পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। :::