Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক

চক‌রিয়া প্রতি‌নি‌ধিঃ

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজ কক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) ভোর সাড়ে ৪টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ণগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা মোহাম্মদ ইদ্রিস পূর্ণগ্রাম জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের নামাজের আগে মসজিদসংলগ্ন তার থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।
খুটাখালী ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল আজিম বলেন, দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মাওলানা ইদ্রিসের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও রহস্যজনক। বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। কারণ তার থাকার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল এবং বাইরে থেকে প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলো‌কিত উখিয়া