উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বটতলী চৌধুরী পাড়ার দীর্ঘদিনের ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, পুনরায় ডাবল ইট সলিং এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, মকবুল হোসেনের বাড়ি থেকে আনোয়ার হোসাইনের বাড়ি পর্যন্ত রাস্তাটি পূর্বে সিঙ্গেল ইট সলিং করা হলেও রাস্তার পাশে কোনো ড্রেন নির্মাণ না হওয়ায় বৃষ্টির পানি দীর্ঘসময় ধরে জমে থাকে। এতে ইট সলিং দেবে গিয়ে ভেঙে পড়েছে এবং বর্তমানে রাস্তাটি চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দুর্ভোগপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসীর দাবি, প্রায় ৭০ থেকে ৮০টি পরিবারের মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন। পাশাপাশি শিক্ষার্থী, নারী, শিশু, বৃদ্ধ-বৃদ্ধা এবং অসুস্থ রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এমনকি জরুরি রোগী পরিবহনেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় এলাকাবাসী মকবুল হোসেনের বাড়ি থেকে আনোয়ার হোসাইনের বাড়ি পর্যন্ত রাস্তাটি দ্রুত পুনঃসংস্কার, ডাবল ইট সলিং নির্মাণ এবং স্থায়ী পানি নিষ্কাশনের জন্য উভয় পাশে প্রয়োজনীয় ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী আশা প্রকাশ করে বলেন, ইউনিয়ন পরিষদ দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করলে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হবে এবং নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় মুক্ত স্কাউট গ্রুপের ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত
উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা
গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটিতে দাতা সদস্য নিয়ে ইউএনওর কাছে অভিযোগ