Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়া ও টেকনাফে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক | উখিয়া-টেকনাফ
কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে বড় সুখবর এসেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেট থেকে দুই প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণের জন্য মোট ৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২৯ জুন ২০২৬ তারিখে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ভবন, ঢাকা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা এবং টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে একটি একাডেমিক ভবন নির্মাণে ১ কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
স্থানীয়দের মতে, উখিয়া-টেকনাফের শিক্ষা অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর আন্তরিক প্রচেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরে ধারাবাহিক যোগাযোগের ফলেই এ গুরুত্বপূর্ণ বরাদ্দ পাওয়া সম্ভব হয়েছে। এ বরাদ্দের খবরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা এ উন্নয়ন উদ্যোগের জন্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, নির্মাণকাজ শুরুর আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমি জরিপ, প্রয়োজনীয় তথ্য, Soil Test Report এবং অন্যান্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর অনুমোদিত নকশা ও ব্যয় প্রাক্কলনের ভিত্তিতে ভবন নির্মাণকাজ বাস্তবায়ন করা হবে।
এ বরাদ্দ বাস্তবায়িত হলে উখিয়া ও টেকনাফের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা আরও উন্নত অবকাঠামোর সুবিধা পাবে। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও উখিয়া-টেকনাফের শিক্ষা খাতের উন্নয়নে এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

আ‌লো‌কিত রি‌পোর্ট