Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

সিরিজ জয়ের উল্লাস

পাকিস্তানকে সিরিজ হারিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ

আলোকিত ডেস্ক রিপোর্ট

উত্তেজনাপূর্ণ ম্যাচের পর সিরিজ জয়ের উল্লাস। কনফেত্তি উড়ল, লাল-সবুজ রঙে রাঙানো ট্রফি নিতে উদযাপন চলল। এই জয়ের আনন্দে বাড়তি উচ্ছ্বাসের উপলক্ষ হয়ে এলো র‌্যাঙ্কিংয়ে উন্নতি। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ৯ নম্বরে।

আগের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পরও র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান ছিল স্রেফ ১।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতলেও পরের ম্যাচে বাজেভাবে হেরে যান মিরাজরা। শেষ ম্যাচে রোববার রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ১১ রানের জয়ে সিরিজ জয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ে উন্নতিও নিশ্চিত করে বাংলাদেশ।

৭৬ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করে ২-১ ব্যবধানে জয়ের পর এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। দশে নেমে যাওয়া ক্যারিবিয়ানদের পয়েন্ট ৭৭।

সিরিজ হারলেও পাকিস্তান রয়ে গেছে চার নম্বরেই। তবে রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে হয়েছে তাদের ১০২।

আগামী বছরের ৩১ মার্চ তারিখে র‌্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে চূড়ান্ত হবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা দলগুলির নাম। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্বকাপে।

আলোকিত উখিয়া