টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকার বাসিন্দা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে আলোচিত আবছার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর নাগালের বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে। টমটমচালক আবুল ফয়েজ হত্যাসহ মোট ২৬টি মামলার পলাতক আসামি হিসেবে তার নাম রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে আবছারের বিরুদ্ধে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের খবর পাওয়া গেলেও তিনি এখনো গ্রেপ্তার এড়িয়ে চলেছেন বলে দাবি করা হচ্ছে।
বিশেষ করে নাজিরপাড়ার টমটমচালক আবুল ফয়েজ হত্যাকাণ্ডের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়তে থাকে। তাদের অভিযোগ, একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও আবছার এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে রয়েছে।
এ বিষয়ে সচেতন মহল প্রশ্ন তুলেছেন—২৬টি মামলার পলাতক আসামি ও আত্মস্বীকৃত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত একজন ব্যক্তি কীভাবে দীর্ঘদিন ধরেই অধরা থেকে যাচ্ছে? তারা দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিহ্নিত অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অভিযান জোরদার করে অভিযুক্ত আবছারকে গ্রেপ্তার করা হলে এলাকায় স্বস্তি ফিরবে এবং অপরাধ প্রবণতাও কমবে।

আরো পড়ুন
কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণ, বিএনপি নেতা লিয়াকতসহ কয়েকজন আহত
কক্সবাজারে পুলিশের পোশাকে ভুয়া সদস্য গ্রেপ্তার
উখিয়ায় পেশাদার চালক অপহরণ ও নির্যাতন মামলায় এজাহারভুক্ত আসামী আটক