Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

আলোকিত উখিয়া

চকরিয়ায় ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার, অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে অভিযান চালিয়ে ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আমানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে থাকা একদল দুর্বৃত্তকে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন— ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি একনলা এলজি বন্দুক, একটি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, একটি হাইয়েস গাড়ি, দুটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার), দুটি গ্রিল/তালা কাটার মেশিন, একটি লোহার পোড়াবাড়ি, একটি হাতুড়ি, একটি রাম দা এবং একটি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত আলামতসমূহ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় চকরিয়া থানা পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।