চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল হঠাৎ করেই অরক্ষিত হয়ে পড়েছে। দিনরাত সমানে কেটে ফেলা হচ্ছে মূল্যবান বনজ গাছ, বিশেষ করে মাদার ট্রি হিসেবে পরিচিত গর্জন ও সেগুনসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। স্থানীয়দের অভিযোগ—একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই বন উজাড়ের সঙ্গে জড়িত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।বুধবার (আজ) দুপুরের দিকে চকরিয়া পৌরশহরের বিদ্যাপীঠের সামনে দেখা যায়, সদ্য কাটা গর্জন গাছের টুকরো ট্রলিতে করে প্রকাশ্যে পরিবহন করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব কাঠ উপকূলীয় এলাকার বিভিন্ন স’মিলে পাচার করা হচ্ছে, যেখানে দ্রুত প্রক্রিয়াজাত করে বাজারজাত করা হয়।
স্থানীয় সচেতন মহল বলছে, সংরক্ষিত বনাঞ্চলের এমন উজাড় শুধু পরিবেশের জন্যই হুমকি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। গর্জন গাছ বনাঞ্চলের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে নির্বিচারে গাছ কাটা অব্যাহত থাকলে বনভূমি ধ্বংসের পাশাপাশি জলবায়ু ঝুঁকিও বাড়বে।
এ বিষয়ে বন বিভাগ বা প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে—কারা এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে, এবং কেনই বা তারা ধরাছোঁয়ার বাইরে?

আরো পড়ুন
চকরিয়ায় সশস্ত্র পাহারায় সংরক্ষিত বনভূমি দখল, রাতারাতি গড়ে উঠছে অবৈধ বসতি
চকরিয়ায় মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক
চকরিয়ার লক্ষ্যারচরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণ লুট