উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার দারোগা বাজারে বর্ষা মৌসুম এলেই নিয়মমাফিক ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়। কিন্তু সেই পরিষ্কারের নামে তৈরি হচ্ছে নতুন এক জনদুর্ভোগ। ড্রেন থেকে তোলা পচা-গলা আবর্জনা দিনের পর দিন সড়কের ওপর ফেলে রাখা হচ্ছে—যা এখন রীতিমতো বিষাক্ত দুর্গন্ধের স্তূপে পরিণত হয়েছে।গত এক সপ্তাহ ধরে বাজারের প্রধান সড়কের ওপর পড়ে থাকা এই ময়লা শুধু পরিবেশ দূষণই করছে না, বরং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শত শত মানুষ এই বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসেন। কিন্তু ময়লার তীব্র দুর্গন্ধে অনেককেই নাকে হাত দিয়ে চলাচল করতে দেখা গেছে। স্থানীয়দের ভাষায়, “এটা কোনোভাবেই স্বাভাবিক পরিবেশ হতে পারে না।”
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২ কোটি টাকায় ইজারা নেওয়া এই বাজারে নিয়মিতভাবে দোকানদারদের কাছ থেকে অর্থ আদায় করা হলেও, বাজারের ন্যূনতম পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে চরম উদাসীনতা দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে, ইজারাদার নির্ধারিত সময়েই টাকা সংগ্রহে সক্রিয় থাকলেও বাজার ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার কোনো প্রমাণ রাখছেন না।
সচেতন মহল বলছে, ড্রেন পরিষ্কার করা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু সেই ময়লা দ্রুত অপসারণ না করে সড়কের ওপর ফেলে রাখা চরম দায়িত্বহীনতা এবং অমানবিক আচরণ। এতে যেমন সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে, তেমনি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে সড়কে ফেলে রাখা ময়লা অপসারণ করে বাজারের পরিবেশ স্বাভাবিক করতে হবে এবং ভবিষ্যতে এমন অব্যবস্থাপনা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
প্রশ্ন একটাই—২ কোটি টাকার ইজারা নিয়ে যদি বাজারের ন্যূনতম স্বাস্থ্যবিধিও নিশ্চিত করা না যায়, তাহলে সেই ইজারার মূল্য কোথায়?
আলোকিত উখিয়া

আরো পড়ুন
উখিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ
৬ বছরের মাইরা এখন কারাগারের বাসিন্দা: কিন্তু কেন?
উখিয়ায় সড়ক দুর্ঘটনা: বাস-টমটম সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ৩