Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে নতুন নির্দেশনা, সময়মতো গেট বন্ধ ও শৃঙ্খলায় কঠোরতা

উখিয়া প্রতিনিধি:
শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও পড়াশোনায় মনোযোগ বাড়াতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে কক্সবাজারের উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জারি করা নির্দেশনায় শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে বিদ্যালয়ে প্রবেশ, টিফিন পিরিয়ডে বিদ্যালয় ত্যাগ না করা এবং বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সকাল ১০টা ৫ মিনিটে বন্ধ হবে গেট
নির্দেশনায় বলা হয়েছে, প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশের জন্য গেট খোলা থাকবে। এরপর সকাল ১০টা ৫ মিনিটে বিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হবে।
নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ে প্রবেশ করতে না পারলে কোনো শিক্ষার্থীকে বিদ্যালয়ের গেটের বাইরে অবস্থান করতে দেওয়া হবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সরাসরি নিজ বাসায় ফিরে যেতে হবে। পরদিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিলম্বের কারণ উল্লেখ করে অভিভাবকের স্বাক্ষরসহ লিখিত দরখাস্ত জমা দিতে হবে।

জরুরি কারণ ছাড়া ছুটি নয়
বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর শিক্ষার্থীদের ছুটির বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো মারাত্মক দুর্ঘটনার সংবাদ পাওয়া গেলে অথবা কোনো শিক্ষার্থী গুরুতর অসুস্থ হলে বিষয়টি বিবেচনা করে ছুটির ব্যবস্থা করা হবে। তবে এসব জরুরি কারণ ছাড়া কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের ছুটি দেওয়া হবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

বার্ষিক পরীক্ষায় সব বিষয়ে পাস বাধ্যতামূলক
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে পাস ছাড়া কোনো শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না। এ বিষয়ে পরবর্তীতে কোনো ধরনের আবেদন বা সুপারিশ গ্রহণযোগ্য হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
তবে কোনো শিক্ষার্থী ফাইনাল পরীক্ষায় কোনো একটি বিষয়ে অকৃতকার্য হলে, ওই বিষয়ে ক্লাস টেস্ট পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর যদি পাশ নম্বরের সমান বা বেশি হয়, তাহলে ক্লাস টেস্টের ফলাফলের ভিত্তিতে তাকে পরবর্তী শ্রেণিতে উন্নীত করার বিষয়টি বিবেচনা করা হবে।

টিফিনে বিদ্যালয়ের বাইরে যাওয়া নিষেধ
বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে টিফিন পিরিয়ডে শিক্ষার্থীদের বিদ্যালয়ের গেটের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থী টিফিন পিরিয়ডে বিদ্যালয়ের গেটের বাইরে যেতে পারবে না। কেউ দেয়াল টপকে বিদ্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে এবং এ বিষয়ে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।

বিদ্যালয়ে ক্যান্টিন, টিফিন নিয়ে আসার পরামর্শ
শিক্ষার্থীদের টিফিনের সুবিধার্থে বিদ্যালয়ে ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে। যারা বাসা থেকে টিফিন নিয়ে আসতে পারবে না, তারা বিদ্যালয়ের ক্যান্টিন থেকে টিফিন কিনে খেতে পারবে।

তবে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সম্ভব হলে বাসা থেকেই টিফিন নিয়ে আসার জন্য পরামর্শ দিয়েছে।
অভিভাবকদের সহযোগিতা কামনা
বিদ্যালয় কর্তৃপক্ষের এসব নির্দেশনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যেমন সচেতনতা তৈরি হবে, তেমনি অভিভাবকদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নির্ধারিত সময়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো, নিয়মিত পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং বিদ্যালয়ের শৃঙ্খলা মেনে চলার বিষয়ে অভিভাবকদের ভূমিকা রয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের নিয়ম-কানুন ও শৃঙ্খলা বজায় রাখতে সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।