Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

উখিয়ায় হলদিয়াপালং ও রাজাপালং ভেঙে নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দুটি ইউনিয়নকে বিভক্ত করে নতুন ইউনিয়ন গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাব জরুরি ভিত্তিতে প্রেরণের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের স্থানীয় সরকার শাখা থেকে প্রেরিত এক পত্রে জানানো হয়, উখিয়া উপজেলার ৩ নম্বর হলদিয়াপালং ইউনিয়নকে বিভক্ত করে প্রস্তাবিত ‘রুমখাপালং ইউনিয়ন’ এবং রাজাপালং ইউনিয়নকে বিভক্ত করে ‘ওয়ালাপালং ইউনিয়ন’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়, মাননীয় সংসদ সদস্য কক্সবাজার-৪ আসনের জনাব শাহ জাহান চৌধুরীর ৫ এপ্রিল ২০২৬ তারিখের ডিও পত্রের প্রেক্ষিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী বিষয়টি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা সংক্রান্ত ১৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখের ৬৮৬ নম্বর স্মারক এবং ৯ ডিসেম্বর ২০১৪ তারিখের ৮৫০ নম্বর স্মারকের আলোকে, পাশাপাশি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১১ ধারা অনুযায়ী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
চিঠিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে, প্রস্তাবিত ইউনিয়ন গঠনের বিষয়ে সুস্পষ্ট সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রস্তাব দ্রুত প্রেরণ করতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উখিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকায় প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আলো‌কিত উখিয়া