আলোকিত রিপোর্টঃ
কক্সবাজারের টেকনাফে ৮৪ হাজার পিস ইয়াবা বহন ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় মো. আমিন প্রকাশ কালা বদা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১১ মে) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদু রহিম এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে আদালত পৃথকভাবে সাজা পরোয়ানা ইস্যুর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আমিন টেকনাফ উপজেলার দক্ষিণ কচুবনিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি এলাকায় “কালা বদা” নামে পরিচিত বলে জানা গেছে।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) অনুযায়ী দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে আনা ৮৪ হাজার পিস ইয়াবা বহন ও পাচারের অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর টেকনাফ থানায় মামলাটি দায়ের করা হয়। যার মামলা নম্বর-৫৩।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র বিশ্লেষণ করে আদালত এ রায় প্রদান করেছেন।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
টেকনাফে বনভূমিতে রাতারাতি পাকা ঘর নির্মাণের অভিযোগ
উখিয়া-টেকনাফে ছদ্মবেশী ব্যবসার আড়ালে ভয়াবহ ইয়াবা বাণিজ্য: ঝুঁকিতে সমাজ ও অর্থনীতি
টেকনাফে সংরক্ষিত বনে সুউচ্চ বাউন্ডারী নির্মাণ: নীরব প্রশাসন, ক্ষুব্ধ স্থানীয়রা