আলোকিত রিপোর্টঃ
কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের লাইট হাউজ পাড়ার পূর্ব ফাতের ঘোনা এলাকায় ফারজানা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর এলাকার এজাহার মিয়ার মেয়ে। তার স্বামী ইমন বাঁশখালী এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের পূর্ব ফাতের ঘোনা এলাকায় মইন উদ্দিনের ভাড়া বাসায় বসবাস করছিলেন।
নিহতের মা নাছিমা আক্তার জানান, ফারজানা তার বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার করে স্বামীকে দিয়েছিল। এ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে রাত আনুমানিক ৮টার দিকে ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া সম্ভব হবে।”
তিনি আরও জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী ইমন পলাতক রয়েছেন। পুলিশ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
কক্সবাজার আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি বর্ষণ, বিএনপি নেতা লিয়াকতসহ কয়েকজন আহত
কক্সবাজারে পুলিশের পোশাকে ভুয়া সদস্য গ্রেপ্তার
উখিয়ায় পেশাদার চালক অপহরণ ও নির্যাতন মামলায় এজাহারভুক্ত আসামী আটক