সংবাদ বিজ্ঞপ্তিঃ
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
আটক ব্যক্তি নাসির উদ্দীন (২৫), তিনি টেকনাফ থানার আলিয়াবাদ গ্রামের মোস্তাক মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদস্যরা তল্লাশি চালায়। এসময় বিজিবির প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরি’র সহায়তায় গাড়ির সামনের বাম্পারের ভেতরে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১৮টি মিনি কার্টনে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং আটক আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শামলাপুর মেরিন ড্রাইভে উপকূলীয় কলেজ স্থাপনের দাবি
টেকনাফে র্যাবের অভিযানে অস্ত্রসহ ৩ মাদক কারবারি আটক
টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী