নিজস্ব প্রতিবেদক, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় ছেলেকে হামলা থেকে বাঁচাতে গিয়ে নিহত হওয়া গৃহবধূ ছৈয়দা খাতুন হত্যা ঘটনায় অবশেষে ৪৮ ঘণ্টা পর মামলা দায়ের হয়েছে। মামলায় ১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
নিহত ছৈয়দা খাতুন (৫৫) উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের বাসিন্দা এবং সব্বির আহমেদের স্ত্রী। সোমবার রাতে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে মিজান সিকদারকে। এছাড়া তাঁর ছেলে হাসেম সিকদার জিসানসহ আরও কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে এজাহারে।
মামলার এজাহারে বলা হয়, পূর্ববিরোধের জেরে সংঘটিত হামলার সময় নিজের ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের মারধরের শিকার হন ছৈয়দা খাতুন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নিহতের পরিবারের দাবি, দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আলোকিত উখিয়া

আরো পড়ুন
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি
কক্সবাজারে দুই হাজার আইফোন ও শতাধিক ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ৬ চীনা নাগরিক