Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

রাজারকুলে উচ্ছেদকৃত পরিবারের পাশে জেলা জামায়াতের আমীর

নিজস্ব প্রতিবেদক, রামু:
রামু উপজেলার পূর্ব রাজারকুল পাহাড় পাড়া এলাকায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
উচ্ছেদের ঘটনায় ক্ষতিগ্রস্ত জনাব মফিজুর রহমানের বাড়িঘর পরিদর্শন করে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান দুর্দশার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি অসহায় পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এবং মানবিক সহায়তার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-০৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী জনাব শহীদুল আলম বাহাদুর, রামু উপজেলা জামায়াতের আমীর জনাব ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, উপজেলা সেক্রেটারি জনাব আবু নাঈম মুহাম্মদ হারুন, ইউনিয়ন সেক্রেটারি জনাব কামারুজ্জামান, যুব নেতা মঈনুর রশিদ, শ্রমিক নেতা মুর্শেদ আলম এবং ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের ঘটনায় মানবিক দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
উল্লেখ্য, সম্প্রতি বন বিভাগের উচ্ছেদ অভিযানে পূর্ব রাজারকুল পাহাড় পাড়া এলাকার একটি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হলে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আলো‌কিত উখিয়া