Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, ১৮ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের অভিযোগ

রামু প্রতি‌নি‌ধিঃ

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকায় সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও রামু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল আলমের বাড়িতে সশস্ত্র ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও সৌদি রিয়াল লুট হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে মাইক্রোবাসযোগে আসা প্রায় ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে বলে অভিযোগ করা হয়েছে।
মক্কা প্রবাসী ফরিদুল আলম জানান, ডাকাতদের কাছে বন্দুক, পিস্তল, ছুরি ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে বাড়িতে তল্লাশি চালায়। এ সময় প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা এবং ৭ হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, ডাকাতির সময় বাড়িতে থাকা গৃহবধূসহ কয়েকজনকে মারধর করা হয়, এতে তারা আহত হন। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এলে তারা দ্রুত মাইক্রোবাসযোগে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী ফরিদুল আলম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।