Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

কুতুপালং বাজারে যানজট নিরসনে উচ্ছেদ অভিযান, ১১ মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা

উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ প্রকাশ ২৭ এ‌প্রিল ২০২৬

উখিয়ার কুতুপালং বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আসমা এবং সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।
অভিযান চলাকালে ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১১টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ইউএনও রিফাত আসমা ১০টি মামলায় ৫৩ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানে উখিয়া থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ সহযোগিতা করেন।
উচ্ছেদ কার্যক্রম শেষে যাতে পুনরায় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে সৃষ্ট যানজট সাধারণ মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু উচ্ছেদ অভিযান নয়—টেকসই সমাধানের জন্য হাইওয়ে পুলিশ ও বাজার ব্যবস্থাপনা কমিটির নিয়মিত তদারকি ও কঠোর অবস্থান জরুরি।
অভিযান সফল করতে স্থানীয় জনগণের সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন কৃতজ্ঞতা জানিয়েছে।

আ‌লো‌কিত উ‌খিয়া