Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

চকরিয়ায় বন্ধুর ঘুষিতে বন্ধু নিহত

ডিজিটাল আলোকিত ডেস্ক রিপোর্টঃ কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী এক শিশুর ঘুষিতে তারেকুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তারেকুর রহমান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের ছেলে। সে তার দাদার পানের দোকানে নিয়মিত সময় কাটাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে দোকান থেকে পানি আনতে বের হলে সমবয়সী এক বন্ধুর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বন্ধু তারেকের কানের পাশে জোরে ঘুষি মারলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘটনাটি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান। তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পরে বিস্তারিত জানানো হবে।

প্রকাশের সময়: বুধবার, ১৯ আগস্ট ২০২৬, সকাল ১০:১৩ মিনিট।
দৈনিক আলোকিত উখিয়া