রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর আগে রবিবার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হয়। পরে বিকেলে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ৪৮ ঘন্টার জন্য অবরোধ স্থগিত করে সংগঠন দুটি।
অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকেরা ভোগান্তিতে পড়েছেন। অনেক পর্যটক সেখানে আটকা পড়েন।
এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
এদিকে, সাজেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নতুন নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আরো পড়ুন
লামায় পাহাড় কাটার দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
সরকারি চেকে জালিয়াতির ঘটনায় বান্দরবানে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বরখাস্ত
মায়ানমার সীমান্ত দিয়ে থামছেই না মাদক পাচার, নৌপথে আসছে ৮০ শতাংশ