Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

চকরিয়ার লক্ষ্যারচরে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণ লুট

চক‌রিয়া প্রতি‌নি‌ধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের হানার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লক্ষ্যারচর মাঝেরপাড়া ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চকরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মরহুম প্রফেসর আবু তাহের সিকদারের বাড়িতে ডাকাত দল হানা দেয়। ডাকাতরা প্রথমে বাড়ির কলাপসিবল গেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির সদস্য কামরুল সিকদারকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
এসময় ডাকাতরা ঘরে থাকা কামরুল সিকদারের স্ত্রী ও মাকেও জিম্মি করে আলমারির চাবি নিয়ে নগদ প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা এবং প্রায় সাড়ে ৭ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী কামরুল সিকদার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম সম্পন্ন করে।
এদিকে, লক্ষ্যারচর এলাকায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন অলিগলিতে মাদক বিক্রি ও সেবন বেড়ে যাওয়ায় অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়রা জানান, এর আগে বিশ্বরোড এলাকায় দুই নারী যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এছাড়া বানিয়ারকুম এলাকায় এক বিএনপি নেতাসহ কয়েকজন পথচারীকেও দীর্ঘ সময় আটকে রেখে ডাকাতির শিকার হতে হয়েছে।
একাধিক ঘটনার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেফতার এবং এলাকায় টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা।

আলো‌কিত উখিয়া