আলোকিত রিপোর্ট:
কক্সবাজারের চকরিয়ায় উত্তর হারবাংয়ে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ছয় আসামিকে জামিন দিয়েছেন আদালত। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি উত্তর হারবাং এলাকায় অবৈধ বালু উত্তোলনের খবর সংগ্রহ করতে গেলে বালুদস্যু নাজিম ও তার সহযোগীরা তিন সাংবাদিকের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, হত্যার উদ্দেশ্যে রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর বর্বরোচিত আক্রমণ করা হয়। এতে তিন সাংবাদিক গুরুতর আহত হন।
আহতদের মধ্যে দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক ইকবাল ফারুক গুরুতর অবস্থায় প্রথমে চকরিয়া ও কক্সবাজারে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এই ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এদিকে মামলার ছয় আসামিকে জামিন দেওয়ায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা বলছেন, হত্যাচেষ্টার মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও এত দ্রুত জামিন পাওয়া বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।
তারা দ্রুত তদন্ত শেষ করে হামলার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, উত্তর হারবাং এলাকায় অবৈধ বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন বলে জানা গেছে।

আরো পড়ুন
কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
৩৬ দিন সাগরে ভাসমান ২ শ্রীলঙ্কানকে উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা
আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু: মামলা দায়ের, কারাগারে চালক মিন্টু