Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মির্জা আব্বাসকে ‘গোনার টাইম নেই’: নাসীরুদ্দীন পাটওয়ারী

আলোকিত ডেস্ক  রিপোর্ট:

নিজের নামে মানহানি মামলা হয়েছে শুনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ নির্যাতনের মুখেও আপস করিনি, তাই কোনো হুমকিকে ভয় পাই না। হাসিনার আমলে আমাকে ধরে নিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত নির্যাতন করেছে।

রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন স্কুল মাঠে জাতীয় নাগরিক পার্টির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মোনাজাতে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাসকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনাকে গোনার টাইম নেই। ভদ্র হতে শিখুন। আমরা সভ্য সমাজে বসবাস করি, অসভ্য আচরণ করবেন না। অসভ্য আচরণ যদি করেন, কিভাবে আপনাকে সভ্য করতে হয়, তা আমাদের জানা আছে।’

তিনি বলেন, ‘আপনি (মির্জা আব্বাস) ঢাকা-৮ আসনে ফেল করেছিলেন। তারেক রহমান নিজে এসে আপনাকে রক্ষা করেছেন। এখনো সময় আছে ভদ্র হোন, আপনাদের কিভাবে সোজা করতে হয় তা আমাদের জানা আছে।’

বক্তব্যের শুরুতেই পাটওয়ারী দেশের সার্বভৌমত্ব রক্ষার ওপর জোর দিয়ে বলেন, ‘আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে রিফর্মের পক্ষে এবং সব সময়ই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। দেশের মানুষ ভারতের আধিপত্য মেনে নিতে রাজি নয়।’

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন ইফতার মাহফিলে।

আলোকিত উখিয়া