চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় অপহৃত এক কিশোরকে ১৬ ঘণ্টার টানা অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে নিজ বাড়ি চকরিয়া উপজেলার উত্তর হারবাং যাওয়ার পথে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের আজিজনগর রাস্তার মাথা এলাকা থেকে মো. পারভেজ হোসেন (১৭) নামে এক কিশোরকে দুর্বৃত্তরা অপহরণ করে।
অপহৃত পারভেজ হোসেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মনজুর আলমের ছেলে। অপহরণের পর দুর্বৃত্তরা তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানা গেছে।

এ ঘটনায় পারভেজের পরিবার চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার অফিসার ইনচার্জ মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল প্রযুক্তিগত তথ্য-উপাত্তের সহায়তায় অভিযান শুরু করে।
পরে কক্সবাজার জেলার রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা এলাকার গহীন পাহাড়ি এলাকায় টানা ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে অপহরণে জড়িত নুরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নুরুল ইসলাম ওই এলাকার মৃত আমির সুলতানের ছেলে।
গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ১১ মার্চ ২০২৬ রাত ১০টা ১০ মিনিটে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ছগিরশাহ কাটা এলাকা থেকে অপহৃত কিশোর পারভেজ হোসেনকে উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় চকরিয়া থানায় মামলা নং–১০, তারিখ ১১ মার্চ ২০২৬; জি.আর নং–৮৯ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৬৪/৩৬৫/৩৪ ধারা যুক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষক বহিষ্কার, কোচিং বন্ধের নির্দেশ
রোহিঙ্গা ক্যাম্পে “ব্র্যান্ড” নামে প্রতারণা: বাহিরে Lux, ভেতরে মাটি!
উখিয়া সিকদার বিল এলাকা
উখিয়া শান্তির পাহাড়ে মাদক সেবন ও আযাদের বাড়ী থেকে সরবরাহের অভিযোগ