আলোকিত রিপোর্টঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার গুরুত্বপূর্ণ উখিয়া মহিলা কলেজ–চাকবৈটা–গয়ালমারা সংযোগ সড়কের কিছু অংশের নির্মাণকাজ দীর্ঘ দুই বছর ধরে বন্ধ রয়েছে একটি শতবর্ষী গাছ অপসারণ নিয়ে বনবিভাগ ও এলজিইডির টানাপোড়েনের কারণে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে থাকা পুরনো গাছটি কাটার অনুমতি নিয়ে বনবিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর মধ্যে সমন্বয়হীনতা তৈরি হয়। এতে কাজ বারবার আটকে যায়। এক পর্যায়ে অনিশ্চয়তা ও জটিলতার কারণে ঠিকাদার কাজ ফেলে চলে যায় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর দাবি, সড়কটি উখিয়ার পূর্বাঞ্চলীয় কয়েকটি গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। কিন্তু কাজ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুম এলেই কাঁচা ও অসমাপ্ত সড়ক দিয়ে চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বর্ষার আগেই যদি নির্মাণকাজ শেষ না হয়, তাহলে যাতায়াতে চরম ভোগান্তি নেমে আসবে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, গাছ সংরক্ষণ ও উন্নয়ন—দুই দিক বিবেচনা করে দ্রুত সমাধান প্রয়োজন।
এলজিইডি ও বনবিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরো পড়ুন
উখিয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে কেন্দ্র পরিদর্শন, সিসিটিভি স্থাপন সম্পন্ন
রোহিঙ্গা ক্যাম্পে “ব্র্যান্ড” নামে প্রতারণা: বাহিরে Lux, ভেতরে মাটি!
উখিয়া সিকদার বিল এলাকা
উখিয়া শান্তির পাহাড়ে মাদক সেবন ও আযাদের বাড়ী থেকে সরবরাহের অভিযোগ