উখিয়ায় বন বিভাগের অভিযান: খায়রুল বশরের ডেরা থেকে বালিভর্তি দুটি ডাম্পার জব্দ

উ‌খিয়া প্রতি‌নি‌ধিঃ

কক্সবাজারের উখিয়ায় সরকারি বনভূমির পাহাড় কেটে মাটি ও বালু পাচারের অভিযোগে অভিযান চালিয়ে বালিভর্তি দুটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার থাইংখালীর গহিন অরণ্যে খায়রুল বশরের ডেরা হিসেবে পরিচিত স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানে বনকর্মী মো. কাইয়ুম, মোসলেম উদ্দিন ও ইলিয়াসসহ বন বিভাগের একটি দল অংশ নেয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে বালিভর্তি দুটি ডাম্পার জব্দ করতে সক্ষম হন বনকর্মীরা।

স্থানীয় সূত্রের অভিযোগ, থাইংখালী এলাকার খায়রুল বশর দীর্ঘদিন ধরে সরকারি বনভূমির পাহাড় কেটে মাটি ও বালু পাচারের সঙ্গে জড়িত। ক্ষমতার প্রভাব খাটিয়ে এসব কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান দুটি ডাম্পার জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সরকারি বনভূমি রক্ষায় বন বিভাগের অভিযান কতটা কার্যকর হচ্ছে, আর পাহাড় কেটে বালু-মাটি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কতটা কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখন সেটিই দেখার বিষয়।