Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

সরকারি ছুটির দিনে উখিয়া থানা ডিসপেনসারিতে দুঃসাহসিক চুরি, সোলার সিস্টেমের ৬ ব্যাটারি উধাও

নিজস্ব প্রতিবেদক | উখিয়া
উখিয়া বাজারস্থ উখিয়া থানা ডিসপেনসারি (উপ-স্বাস্থ্য কেন্দ্র) থেকে সোলার প্যানেল সিস্টেমের ৬টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। সরকারি ছুটির দিন গত ৫ জুন ২০২৬ তারিখে সংঘটিত এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ডিসপেনসারির প্রধান ফটকের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর একটি কক্ষের তালা এবং কাঠের দরজা ভেঙে সোলার প্যানেলের ৬টি ব্যাটারি নিয়ে যায়। সরকারি প্রতিষ্ঠানে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জরুরি ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে অনুলিপিসহ লিখিতভাবে অবহিত করেছেন।
স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা এতটাই দুর্বল কেন যে দুর্বৃত্তরা নির্ভয়ে গেটের তালা কেটে, কক্ষের দরজা ভেঙে মূল্যবান সরঞ্জাম নিয়ে যেতে সক্ষম হলো? রাতের নিরাপত্তা ব্যবস্থা, পাহারাদার নিয়োগ এবং সিসিটিভি পর্যবেক্ষণের বিষয়েও প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে এলাকার এক প্রবীণ ব্যক্তি স্মৃতিচারণ করে বলেন, “শৈশবে এই ডিসপেনসারির আঙিনায় অনেক সময় কেটেছে। একবার ডাক্তার অনুপস্থিত থাকাকালে বাসার তালা ভেঙে চুরি হয়েছিল। পরে চোর ধরা পড়লে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তালা ভেঙেছিস? উত্তরে সে বলেছিল, ‘আমি ভাঙতে পারি এমন তালা কেন লাগিয়েছেন?'”
তার মতে, সেই ঘটনার বহু বছর পর আবারও একই প্রতিষ্ঠানে চুরির ঘটনা প্রমাণ করে যে শুধু তালা লাগালেই নিরাপত্তা নিশ্চিত হয় না; প্রয়োজন কার্যকর নজরদারি ও জবাবদিহিতা।
স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং স্বাস্থ্যকেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা আধুনিকায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, সরকারি সম্পদ রক্ষায় অবহেলা বা দুর্বলতা থাকলে ভবিষ্যতেও এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা থেকে যাবে।
চুরি হওয়া ব্যাটারিগুলোর মূল্য এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আলো‌কিত উখিয়া