Daily Alokito Ukhiya

Online Edition of The Daily Alokito Ukhiya

ভালুকিয়াপালং কমিউনিটি ক্লিনিকে আবারও চুরি, জনসাধারণের সহযোগিতা কামনা

উখিয়া প্রতিনিধি:
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়াপালং মাতব্বর পাড়া কমিউনিটি ক্লিনিকে আবারও চুরির ঘটনা ঘটেছে। গত ৩০ মে ২০২৬ তারিখে অজ্ঞাত চোর বা চোরচক্র ক্লিনিকের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বেশ কয়েকটি বৈদ্যুতিক ফ্যান চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এটি ক্লিনিকটিতে সংঘটিত প্রথম চুরির ঘটনা নয়। এর আগেও দুর্বৃত্তরা ক্লিনিকের সোলার প্যানেল ও ব্যাটারি চুরি করে নিয়ে যায়। ধারাবাহিক এসব চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ক্লিনিকের চারপাশে ঘনবসতি থাকা সত্ত্বেও বারবার রাষ্ট্রীয় সম্পদ চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এই কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা সুবিধা এলাকার হাজারো মানুষ ভোগ করে থাকলেও কিছু অসাধু ব্যক্তি জনসাধারণের সম্পদ নষ্ট করে চলেছে।
ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষ উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে। জিডি নম্বর-২৮৫, তারিখ ০৬ জুন ২০২৬। তবে সংবাদ লেখা পর্যন্ত চোর বা চোরচক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি।
ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ জানান, কেউ যদি চুরি হওয়া ফ্যান, সোলার প্যানেল বা ব্যাটারি বিক্রির চেষ্টা করতে দেখেন কিংবা এ ঘটনায় জড়িতদের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হচ্ছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক ও কার্যকর তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
তিনি আরও বলেন, “এটি শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, পুরো এলাকার মানুষের স্বাস্থ্যসেবার ওপর আঘাত। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সচেতন নাগরিকদের সহযোগিতাই পারে অপরাধীদের আইনের আওতায় আনতে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত চোরচক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে জনসেবামূলক প্রতিষ্ঠানে এ ধরনের অপরাধ আর সংঘটিত না হয়।

আ‌লো‌কিত উ‌খিয়া