আলোকিত ডিজিটাল ডেস্কঃ
মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
প্রতিযোগিতার চতুর্থ শাখায় অংশ নিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন। এ বিভাগে টানা ১৫ পারা কুরআন হিফজ, তিলাওয়াতের শুদ্ধতা এবং তাজবিদে দক্ষতার ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়।
হাফেজ নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী পাঁচটি পৃথক শাখায় অংশ নেন। সৌদি ও আন্তর্জাতিক বিচারকমণ্ডলী তাদের মূল্যায়ন করেন। বিভিন্ন বিভাগে মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতা চলাকালে সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) দেওয়া এক প্রতিক্রিয়ায় জাকারিয়া বলেন, কুরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে পবিত্র মক্কায় নিয়ে এসেছে। মসজিদুল হারামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগকে তিনি তার কুরআনিক জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে উল্লেখ করেন।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ছিল ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
বাংলাদেশের প্রতিনিধির এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য এক গৌরবজনক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: সৌদি প্রেস এজেন্সি (SPA)

আরো পড়ুন
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?
বান্দরবানে ডিবি ও পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ, গ্রেপ্তার ১
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি: প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার আশ্বাস