খুলনা প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়া উপজেলার একটি বিদ্যালয়ের বাথরুম থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নন্দিনী রায় নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বিদ্যালয়ের পাশের একটি ভবনের নির্মাণশ্রমিকরা তাকে উদ্ধার করেন। বর্তমানে তিনি খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নন্দিনী রায় দিঘলিয়া উপজেলার মুক্তিশ্বর রায়ের মেয়ে এবং গাজীরহাট নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে পাঠদান শেষে তিনি বাথরুমে গেলে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং চেতনানাশক স্প্রে প্রয়োগ করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জ্ঞান ফিরলে তিনি দেখেন, তার হাত-পা ও মুখ বাঁধা।
পরে বাথরুমের ভেতর থেকে তার চিৎকার শুনে পাশের ভবনের কয়েকজন নির্মাণশ্রমিক ঘটনাস্থলে গিয়ে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। তবে হামলাকারীদের দেখতে না পারায় সে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে এবং ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন
সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা, নাকি আরও কিছু প্রশ্ন?
শিশুর পেটে ইয়াবা! ৮ হাজার টাকার লোভে ভয়ংকর মাদক পাচার
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রাণনাশের আশঙ্কা, উখিয়া থানায় সাধারণ ডায়েরি