কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে আগুন, জানালার কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ডিজিটাল আলোকিত ডেস্ক রিপোর্টঃ
প্রকাশের দিন ও সময়: শনিবার, ২২ আগস্ট ২০২৬ | সকাল ৯:৫৬ মিনিট
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসে আগুন লাগার ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক সহায়তায় বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত প্রায় ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে। আগুন লাগার সময় বাসটিতে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।
রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় যাত্রীদের উদ্ধার করে। পাশাপাশি যাত্রীদের মালামালও উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাসের এক যাত্রী জানান, প্রথমে পোড়া গন্ধ পাওয়া যায়। পরে আগুন দেখতে পেয়ে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত জানালার কাচ ভেঙে তাদের বের করে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
আরেক যাত্রী অভিযোগ করেন, আগুন লাগার পর বাসের চালক ও হেল্পারকে আর বাসের ভেতরে দেখা যায়নি। তিনি বলেন, স্থানীয়দের সাহসী উদ্যোগ না থাকলে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত।
রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দৈনিক আলোকিত উখিয়া